গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি জোনাল অফিস ঘেরাও রেখে বিক্ষোভ করেছে গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ওই অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখলে তাদের উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার তিতাসের চন্দ্রা জোনাল অফিসে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, তিতাস গ্যাস অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। গ্যাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, পিরেরটেকি, জানেরচালা, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা।
তাদের অভিযোগ, গ্যাস না পেলেও নিয়মিত গ্যাস বিল দিতে হচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এ নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটে লোকজনের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ হচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চন্দ্রা জোনাল অফিসে বারবার অভিযোগ দিয়েও গ্যাসের সমস্যা সমাধান হচ্ছে না।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নবীনগর-চন্দ্রা জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ‘এটা একটা জাতীয় সমস্যা। আমাদের সিস্টেমে গ্যাস কমে গেছে। যতদিন পর্যন্ত জাতীয়ভাবে গ্যাসের সমস্যা সমাধান না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন
কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‘তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা জোনাল অফিস ঘেরাও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংশ্লিষ্টরা দ্রুত গ্যাস সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধ গ্রাহকরা চলে যান। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’