কয়েকমাস আগেও যাকে ক্রিকেট দুনিয়ার সময়ের অন্যতম সেরা ব্যাটার বলা হতো, এমনকী ভারতের বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো, সেই বাবর আজম কোথায় হারিয়ে গেলেন? গত প্রায় দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে ব্যাট উঁচিয়ে ধরতেই যেন তিনি ভুলে গেছেন! সেঞ্চুরি তো বহু দূরের কথা, এই সময়ের মধ্যে লাল বলে ফিফটিই পাচ্ছেন না সদ্য আরও একবার নেতৃত্ব ছেড়ে দেওয়া বাবর।
লাল বলের ক্রিকেটে বাবর সর্বশেষ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন সেই ২০২২ সালের ডিসেম্বরে। দিনের হিসেবে ৬৫১ দিন আগে। নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেই ইনিংসটি ছিল ১৬১ রানের। এরপর থেকেই বাবর হারিয়ে গেছেন! তিনি ফিফটির দেখাই পাচ্ছেন না। গতকাল সোমবার মুলতানের ব্যাটিং স্বর্গে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ক্রিস ওকসের বলে আউট হয়েছেন ৩০ রান করে।
এই সময়ের মধ্যে টেস্টে ১৭টি ইনিংস খেলে বাবরের সর্বোচ্চ স্কোর ৪১। সেটাও গত অস্ট্রেলিয়া সফরে। এই সময়ে তার ব্যাটিং গড় মাত্র ২১.২৩, তবে তার টেস্ট গড় এখনো ৪৪.৩৫ আছে। বাবরের ক্যারিয়ারে এটাই দীর্ঘতম ফিফটি খরা। বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু পেয়েছেন, কিন্তু ধরে রাখতে পারেননি। এর আগে ২০১৬ সালের নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে টানা ৭ ইনিংসে ফিফটি পাননি।