তারকাবহুল ‘সিংহাম অ্যাগেইন’ ট্রেলার নিয়ে বিতর্কের ঝড়

রোহিত শেঠির সফল ফ্রাঞ্চাইজি সিনেমা ‘সিংহাম’ এর তৃতীয় কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে জল্পনার শেষ নেই। হলিউডের ইউনিভার্স-মাল্টিভার্স ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে রোহিত এরই মাঝে এই ফ্রাঞ্চাইজিকে যোগ করেছেন অক্ষয় কুমারের সূর্যবংশীর সাথে। 

গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। তবে ট্রেলার মুক্তির পরেই ভক্তদের মাঝে চলছে তুমুল সমালোচনা। অভিযোগ উঠেছে, ট্রেলারে গল্পের পুরোটাই বলে দিয়েছেন রোহিত। অনেকেই তো বলছেন পয়সা খরচা করে আর হলে যেতে হবে না। 

ট্রেলারে দেখা গেছে, হিন্দু পুরাণ রামায়ণের গল্পের ছাপ পুলিশি আদলে নিয়ে এসেছেন নির্মাতা। যেখানে অবনীকে (কারিনা কাপুর খান) তুলে নিয়ে যায় ডেঞ্জার লঙ্কা (অর্জুন কাপুর)। স্ত্রীকে উদ্ধার করতে মিশনে নামে বাজিরাও সিংহাম (অজয় দেবগণ)। তার পাশে দাঁড়ায় সংগ্রাম ভালেরাও সিম্বা (রণবীর সিং), বীর সূর্যবংশী (অক্ষয় কুমার), এসিপি সত্য (টাইগার শ্রফ) ও লেডি সিংহাম শক্তি শেঠি (দীপিকা পাড়ুকোন)।

তবে সমালোচকদের অনেকেই বলছেন, যেহেতু রোহিত শেঠি নামকরা পরিচালক এবং সিংহাম ফ্রাঞ্চাইজিটি এরই মাঝে ব্যবসাসফল তাই ট্রেলার যেমনই হউক দর্শক দেখতে যাবে ছবিটি।

আসছে দীপাবলিতে অর্থাৎ ১ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাডুকোণ, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, অর্জুন কাপুর। এতে ক্যামিও চরিত্রে দেখা দেবেন সালমান খান।