পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে পিএসসির সচিবের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, পিএসসি চেয়ারম্যানসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এ পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দিয়েছি। বাকি দুইজন এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা আগামীকালের (বুধবার) মধ্যে জমা দেবেন।

পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

দুইজন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন। আগামী বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। গত কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।

সোহরাব হোসাইন চাকরিজীবনে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।