আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানিতে সমঝোতা স্মারক সই

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনমন্ত্রী মোহাম্মদ আরকাব সমঝোতা স্মারকে সই করেন।

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:২০ এএম

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আলজেরিয়া। সরকার থেকে সরকার (জিটুজি) ব্যবস্থায় এসব জ্বালানি আমদানির বিষয়ে দুই দেশিই সম্মত হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনমন্ত্রী মোহাম্মদ আরকাব সমঝোতা স্মারকে সই করেন।

রাতে বিষয়টি নিশ্চিত করে জ্বালানি বিভাগ একটি খবর বিজ্ঞপ্তি দিয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে এলএনজি ও এলপিজি আমদানি, জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশে তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধান। এ ছাড়া বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন জ্বালানিমন্ত্রী। এর মাধ্যমে দেশটির জ্বালানি খাতের প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

সমঝোতা স্মারক সইয়ের পর সন্তোষ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আফ্রিকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

এদিকে, একই দিন আলজেরিয়ার খনি ও খনি শিল্পবিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) আলজেরিয়ার হাইড্রোকার্বনমন্ত্রী মোহাম্মদ আরকাব হুয়ারি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশের জ্বালানিমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত