মারধর-খুন করে লাশ গুমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ থেকে ডেকে নিয়ে হামলা ও পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাহাদাত হোসেন নামে এক ওমান প্রবাসী।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ফেনীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহাদাত দাবি করেন, বিএনপি সমর্থিত ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিএ- এর নেতৃত্বে শাহাদাতকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে ছিলেন কামাল, সাইফুল সাবেক কমিশনার ফারুক, কফিল সরকার, মামুন সরকার এবং স্বেচ্ছাসেবক দলের ইমরানসহ বেশ কয়েকজন। তারা শাহাদাতকে তুলে সরকার বাড়ির সামনে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই পা, হাত ও শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। একপর্যায়ে শাহাদাতকে রাস্তার পাশে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

আহত শাহাদাত বলেন, আমি গত ১৫ বছর ধরে ওমান থাকি। বন্যায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার খবরে কিছুদিন আগে ছেলে বাড়ি আসি ও এলাকাবাসীকে সহযোগিতা করি। এতে এলাকার একটি পক্ষ মনে করে আমি এলাকায় স্থায়ী হয়ে সামনে নির্বাচনে অংশ নেব। তাই তারা গত ২৫ সেপ্টেম্বর ঢাকা থেকে ছাগলনাইয়া আসার কিছুক্ষণের মধ্যে আমার ওপর হামলা করে। এ ঘটনায় আমার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে হামলাকারীকে গ্রেপ্তার হয়নি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ পেয়েছি। আসামিরা এলাকার বাহিরে থাকায় আটক করা সম্ভব হচ্ছে না।