‘আমার জীবনের মূলমন্ত্র বর্তমানকে উপভোগ করা’

ভারতের জাতীয় দলে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন আর্শদীপ সিং। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ থাকলেই এই বাঁহাতি পেসারর ডাক পড়ে। বল হাতে তিনি সাধারণত দলকে হতাশ করেন না। বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। কোন মন্ত্রে বারবার সাফল্য পান আর্শদীপ?

দুই বছর আগে অভিষেক হওয়ার পর ইতোমধ্যে ৫৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন আর্শদীপ। তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবেন না, আবার অতীতে কী করেছেন, সেটাও মাথায় রাখতে চান না। বর্তমানে থাকতে পছন্দ করেন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই। গত দুই বছর কেমন গেছে, সেটা ভাবি না। সবসময় চেষ্টা করি বর্তমানে থাকার। খেলায় সাফল্য, ব্যর্থতা থাকবেই। তবু উপভোগ করার চেষ্টা করি। এটাই লক্ষ্য থাকে।’

ক্যারিয়ারে খারাপ সময় আসতেই পারে, তবে সেসব ভেবে নিজেকে চাপে ফেলতে চান না আর্শদীপ। তার কাছে বর্তমানটাই আসল, ‘আমার জীবনের মূলমন্ত্র হলো বর্তমানকে উপভোগ করা। যেমন আজ আমার বিশ্রামের দিন। এই দিনটাও উপভোগ করার চেষ্টা করছি। আগামীকালের কথা আগামীকালই ভাবব। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও দুই বছর বাকি। অনেক সময় আছে। এত আগে থেকে ভাবতে চাই না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালো লাগে না।’

আর্শদীপকে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ বোলার হিসাবে বিবেচনা করা হয়। তিনি অবশ্য সব ধরনের ক্রিকেটই খেলতে চান, ‘তিন ফরম্যাটের ক্রিকেটেই নিজের সেরাটা দিতে চাই। যখন যেমন সুযোগ আসবে, কাজে লাগানোই লক্ষ্য থাকে। পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। তিন ফরম্যাটে খেলা একজন ক্রিকেটারের সার্বিক দক্ষতা প্রমাণের সুযোগ। লাল বলের ক্রিকেটে যেমন অনেক বেশি ওভার বল করার সুযোগ থাকে। ধৈর্য্য ধরতে হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে আবার ধৈর্য্য বলে কিছু নেই। ব্যাটার কী করতে পারে, সেটা অনুমান করে বোলিং করতে হয়।’