মাহমুদউল্লাহর কথায় 'পঞ্চপান্ডব'

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম

২০০৭ সালে মাহমুদউল্লাহর অভিষেকের পর থেকে ১৭ বছরে কতোটা এগিয়েছে বাংলাদেশ সাদা বলের ক্রিকেট? একটা ট্রফিও তো জেতা হলো না। মাহমুদুল্লাহ বলেন, ট্রফিই সব কিছু নয়, 'আমাদের সময় বড় কোনো ট্রফি জিততে না পারলেও আমি মনে করি, আমরা অনেক দূর এগিয়েছি। শুধু ট্রফিই সাফল্যের মানদণ্ড হতে পারে না। যদি ট্রফি-জয়ই একমাত্র মানদণ্ড হয়, তাহলে অনেক কিংবদন্তিদের কিংবদন্তি বলা হত না।' দিল্লিতে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণার সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ক্রিকেটের এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে উল্লেখযোগ্য নামগুলোর একটি হলো "পঞ্চপান্ডব"—মাহাভারতের পঞ্চপান্ডবের অনুপ্রেরণায় দলটির শীর্ষ পাঁচ ক্রিকেটার - সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এবং মাশরাফীকে নিয়ে গঠিত এক ঐতিহাসিক নাম। মাহমুদউল্লাহ বলেন, পঞ্চপান্ডব ছাড়াও অনেকের অবদান এ অগ্রযাত্রায়, 'আমার মনে হয়, পঞ্চপান্ডব ছাড়াও দলের প্রতিটি খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্টের অবদান ছিল বিশাল। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট এক অন্য উচ্চতায় পৌঁছেছে।'

তবে তিনি আরো যোগ করেন যে এখন সময় এসেছে নতুন প্রজন্মের জন্য দায়িত্ব নেওয়ার। "নাম্বার ৬ বা ৭ এ ব্যাটিং করা সহজ নয়। সাহসী হতে হয়, ব্যর্থতার কথা চিন্তা না করে শক্তি দিয়ে বল মারতে হয়। জাকের আলী, শামীম, আফিফ এবং ইয়াসির আলীকে আমি সেই পজিশনের জন্য ভালো প্রার্থী মনে করি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত