গত এশিয়া কাপের পর আবারও শুরু হয়েছে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর আর পাকিস্তানের মাটিতে খেলেনি ভারত। এ কারণে গত এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কায়। ফাইনালও হয়েছে শ্রীলঙ্কার মাটিতে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এমনই কিছু হওয়ার সম্ভাবনা আছে।
আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারত এখনো জানায়নি তারা পাকিস্তানে গিয়ে খেলবে কিনা। বিষয়টি পুরোপুরি তাদের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সেইসঙ্গে শোনা যাচ্ছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের কথা। এক্ষেত্রে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুগুলোতে হতে পারে। তবে বিষয়টি এখনো পরিস্কার নয়।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভারতের গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচই রাখা হয়েছে লাহোরে। ভারত যদি পাকিস্তানে না যায়, সেক্ষেত্রে তাদের ম্যাচগুলো আয়োজন করা হতে পারে আরব আমিরাতে। এমনকী ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও পাকিস্তানের মাটিতে আয়োজন করা যাবে না! সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে দুবাইয়ে!
‘টেলিগ্রাফ’ জানিয়েছে, আইসিসি এবং ভারত- কোনো পক্ষ থেকেই এখনো পরিস্কার কোনো বক্তব্য আসেনি। এদিকে আয়োজকরা এখনো আশাবাদী, চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ পাকিস্তানের মাটিতেই হবে। এই সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘ভারতীয় দলের অবশ্যই পাকিস্তানে আসা উচিত। আমরা সব দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আতিথেয়তা দিতে প্রস্তুত।’