পিরোজপুরের মঠবাড়িয়ায় হামিদা আক্তার নামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে ওই তার সাবেক স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে। হামিদা আক্তার উপজেলার জরিপেরচর গ্রামের হাবিব খানের মেয়ে ও মহিউদ্দিন আহেম্মেদ মহিলা ডিগ্রী কলেজের স্নাতকের ছাত্রী। অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিন দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
এ ঘটনায় কলেজছাত্রী হামিদা আক্তারের বাবা হাবিবুর রহমান মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে হামিদাকে তার স্বামী বিভিন্ন সময় মারধর করতো। এ ঘটনায় একাধিক সালিস বৈঠক হলেও কোন সুরহা হয়নি। ২০১৮ সালে তাদের ডিভোর্স হয়। সম্প্রতি রুহুল আমিন দেশে ফিরে এসে গতকাল সাবেক স্ত্রী হামিদাকে অপহরণ করেন। প্রত্যক্ষদর্শীরা সরকারি সেবা ৯৯৯ ফোন দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে আটক করতে পারেনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।