ময়মনসিংহে বন্যার পানি নামতে শুরু করেছে

ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। বুধবার ভোর থেকে এসব উপজেলায় মানুষের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। তবে স্থানীয়রা বলছেন, বৃষ্টি না হলে পানি নামতে আরও দুই-একদিন সময় লাগবে। তবে কিছু এলাকায় অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি।

জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে থেকে বৃষ্টি না হওয়ায় তিন উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাড়িঘরের পানি ইতোমধ্যে নামতে শুরু করেছে। তিনি আরও জানান, তিন উপজেলায় নগদ সাত লাখ টাকা ও ৬৩ টন চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, বন্যাকবলিত এলাকায় খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। ফলে পানিবাহিত রোগ ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। তিন উপজেলাতেই প্রশাসনের পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী-র‌্যাবসহ স্বেচ্ছাসেবীরা।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে ফুলপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশা করছি বৃষ্টি না হলে দ্রুত পানি নেমে যাবে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ত্রাণের জন্য মানুষ ফোন করছে। আমরা বন্যাদুর্গত বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, আজকে নতুন করে কোনো গ্রাম প্লাবিত হয়নি। তবে পানি কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে পানি কমে যাবে। পানিবন্দী এলাকায় বিশুদ্ধ পানির সংকট চলছে। বন্যা পরবর্তী সময়ে এর প্রভাব আরও বাড়তে পারে। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরাঘাট নদীর পানি বৃদ্ধি পেয়ে হালুয়াঘাট উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন প্লাবিত হয়। বুধবার থেকে পানি কমতে শুরু করায় মানুষের মধ্যে স্বস্তি আসতে শুরু করেছে। হালুয়াঘাটে ১৮ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে তাদের সহযোগিতা করার পাশাপাশি ক্ষতি নিরূপণ করে সামগ্রিক সহযোগিতা করতে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে।

এদিকে হালুয়াঘাটের নড়াইল ইউনিয়নের বিকেকে হাইস্কুলে বুধবার সকাল ৯টায় মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছে সেনাবাহিনী।