সীমান্ত হত্যা বন্ধে স্থায়ী সমাধান চেয়ে জাবিতে মশাল মিছিল

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ ও নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে মিছিলটি শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘বাংলাদেশের জন্ম থেকে এ পর্যন্ত সীমান্তে ভারত যত মানুষ হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া আর কোথাও এত মানুষ হত্যার শিকার হয়নি। আমরা স্বাধীনতার পর থেকেই এর প্রতিবাদ করে আসছি। যুগে যুগে এদেশে শাসক পাল্টেছে কিন্তু ভারতীয় শোষণ পাল্টেনি। আমরা সরকারকে বলতে চাই ভারতীয় আগ্রাসন বন্ধে উদ্যোগ না নিলে আমরা ভারতীয় হাইকমিশন ঘেরাও করবো।’

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সিফাত উল্লাহ বলেন, ‘ভারত সবসময় বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোচ্চার দেখায়। কিন্তু পরক্ষণেই আমরা দেখি দুইজনকে সীমান্তে হত্যা করেছে যারা হিন্দু ধর্মাবলম্বী। এর দ্বারা বোঝা যায় ভারত শুধু রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে।’ 

গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল হাই স্বপন বলেন, ‘দুই দেশের মধ্যে থাকা ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের বুঝিয়ে দিতে হবে। আর যেন সীমান্তে কোন হত্যা না হয়। অন্তবর্তী সরকার এর একটি স্থায়ী সমাধান করুক।’