জিততেই হবে জ্যোতিদের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে খুব কাছে গিয়েও হারতে হয় বাংলাদেশকে। স্কটল্যান্ডকে হারানোর ম্যাচ হোক কিংবা ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচ দুটোতেই বাংলাদেশ ভুগেছে তাদের ব্যাটিং সামর্থ্যরে ঘাটতির জন্য। সেই অভাব সঙ্গী করেই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বল্প রানের পুঁজি সত্ত্বেও স্কটল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানলেও সেই স্কটল্যান্ডতেই দাপটের সঙ্গে হারিয়ে খোশমেজাজে রয়েছেন ক্যারিবীয় নারীরা।  আগের দুটো ম্যাচ দুবাইতে হওয়ায় এ ম্যাচেই প্রথমবার শারজায় খেলতে নামবে উইন্ডিজ। সেদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে ইংলিশদের সঙ্গে টেক্কা দেওয়ার পরও তীরে এসে তরী ডোবানোর আক্ষেপ ভোগাতে পারে রাবেয়াদের। অবশ্য ম্যাচের আগে নিজেদের আত্মবিশ্বাসী থাকার কথাই শুনিয়েছেন এ লেগ স্পিনার, ‘খারাপ লেগেছে যে খুব ক্লোজ একটা ম্যাচ আমরা হেরেছি, অনেক কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। তবে এখনো দুটো মাচ বাকি আছে। আমরা সবাই আত্মবিশ্বাসী আছি এবং আশা করছি জয় নিয়ে আসব। কালকের (আজ) ম্যাচে আমরা জয়ের জন্যই খেলতে নামব। আমাদের বোলিং ইউনিট ভালো করছে, শেষ দুটো ম্যাচেও করেছে। আশা আছে আমাদের যে কাজটুকু সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারব এবং টিমকে যতদূর নেওয়া যায় ওই চেষ্টাটাই আমরা করব।’

এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই তিন আসরে প্রতিবারই হারের জ্বালা সইতে হয়েছে। তবে ৬ বছরে জল গড়িয়েছে অনেকদূর। আগের সেই দাপটও ততটা নেই প্রতিপক্ষের। চতুর্থ দফায় ক্যারিবীয়দের মুখোমুখি হওয়ার সময় বাংলাদেশের সহ-অধিনায়কের লক্ষ্য আরও দূরে, সেমিফাইনালে। তাই এবার আগের পরিসংখ্যান বদলে ফেলার ইচ্ছা নাহিদা আক্তারের মনে, ‘আমরা যদি সেমিফাইনাল খেলতে চাই তাহলে এই ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটার দিকে আমাদের সব লক্ষ্য যাতে ম্যাচটা আমরা জিততে পারি। আমরা তিন-চারদিন ধরে অনুশীলনে চেষ্টা করেছি ব্যাটিংয়ে কীভাবে আগের চেয়ে উন্নতি করা যায় এবং এই ম্যাচে তা প্রয়োগ করা যায়। পাশাপাশি আমার মনে হয় আমাদের বোলিংটা আরও কিছুটা ভালো করা সম্ভব। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে সেমিফাইনালের রাস্তা আরও সহজ হয়ে যাবে আমাদের জন্য। এজন্য যা যা করা লাগে আমরা করব এবং জেতার জন্যই এ ম্যাচে মাঠে নামব।’ 

এ বিশ্বকাপ খেলার জন্যই অবসর ভেঙে ফিরেছেন ক্যারিবীয়দের সাবেক অধিনায়ক ডিয়েন্ড্রা ডটিন। অধিনায়ক হেইলি ম্যাথিউস টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার। তার সঙ্গে চিনেলি হেনরি, কারিশা রামহারাকদের বোলিং মোকাবিলা করে স্কোরবোর্ডে রান তোলাটাই বড় চ্যালেঞ্জ সাথী রাণী, সোবহানা মোশতারিদের। আগের দুটো ম্যাচেই ব্যাট হাতে ভুগতে হয়েছে বাংলাদেশকে। সময়মতো বাউন্ডারি না আসা এবং চাপের মুখে স্কোরবোর্ড সচল রাখতে না পারার দায়স্বরূপ স্কটিশদের বিপক্ষে ১২০ ও ইংলিশদের বিপক্ষে ১০০ রানের গণ্ডিই পেরোতে পারেননি জ্যোতিরা। তাই দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট ঝুলিতে থাকলেও নেট রানরেটে বি গ্রুপের চারে অবস্থান জ্যোতিদের। নিজেদের এ দুর্বলতা কাটিয়ে উঠতে পারলেই তবে ক্যারিবীয়দের বিপক্ষে লড়াই করতে পারবে বাংলাদেশ। আর সেমির অঙ্ক মেলাতে এ ম্যাচশেষে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়তে হবে দেশের নারী ক্রিকেটারদের।