জো রুটের সামনে সুযোগ ছিল। কিন্তু তিনি থেমে গেছেন ২৬২ রানেই। তবে মাটি কামড়ে উইকেট আগলে রেখেছিলেন হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত তিনিই হলেন সফল। মুলতানের ক্রিকেট মাঠে এক দুর্দান্ত কীর্তি গড়ে তুলেছেন, করে ফেলেছেন তার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংসেই তিনি পেয়েছিলেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। কিন্তু তাতেও তার ক্ষিদে মিটছিল না। লম্বা সময় টিকে থেকে সেটাকে টেনে নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।
আগের দিন হ্যারি ব্রুক মুলতানে টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৮৪ রানে অপরাজিত ছিলেন। আজ দিনের প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। তারপর থামেন ৩১৭ রানে। ৩২২ বল স্থায়ী তার ইনিংসটি সাজানো ছিল ২৯ চার ও ৩ ছক্কায়।
ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ। টেস্ট ক্রিকেটে এখন ট্রিপল সেঞ্চুরি হয় কালেভদ্রে। সর্বশেষ হয়েছে ২০১৯ সালে। মজার ব্যাপার হলো, সেটিও এই পাকিস্তানের বিপক্ষে। অ্যাডিলেইডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ এই দশকে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি।
যার শুরুটা করেছিলেন স্বীদেশী ডব্লিউ.জি. গ্রেস। ১৮৯৫ সালে গ্রেস অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭৮ রান করেছিলেন। এরপর একে একে স্ট্যানলি জ্যাকসন, ডাডলি নৌর্স, লেন হাটন, বিল এড্রিচ, পিটার মেই, গ্রাহাম গুচ, মাইকেল অ্যাথারটন, অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক, জো রুট, জনি বেয়ারস্টো ও বেন স্টোকস।
এর আগে ব্রুকের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালে ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন ব্রুক। আজ হেসেখেলে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তাতেও থেমে থাকেননি, পাকিস্তানের বিপক্ষে ব্রুক করেছেন ট্রিপল সেঞ্চুরি। তিনি এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন ৪টি। সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি ডাবল সেঞ্চুরি, আবার তার পাকিস্তানের বিপক্ষে খেলা প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস করেছিলেন ৮৭ রান।
মুলতানে ব্রুকের মহাকাব্যিক ইনিংসের পর ইংল্যান্ড ৮২৩ রানে ইনিংস ঘোষণা করেছে। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের তৃতীয় দিনে ব্রুক তার ব্যাট হাতে অসাধারণ প্রদর্শন করেন। শক্ত প্রতিরোধ গড়ে তুলে তিনি প্রথমে তার শতক এবং এরপর দ্বিশতক পূর্ণ করেন। অবশেষে তার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ হয়, যা তাকে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলা ব্যাটসম্যানের মধ্যে স্থান করে দিয়েছে।
ব্রুকের এই ইনিংস শুধুমাত্র তার ব্যাটিং দক্ষতা নয়, তার মানসিক দৃঢ়তা ও খেলার প্রতি দায়বদ্ধতারও প্রমাণ। তিনি পুরো ইনিংসজুড়ে পাকিস্তানের বোলারদের বিপক্ষে ধৈর্য ধরে খেলে তাদের আক্রমণকে সামলেছেন এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে স্কোর বোর্ডে রান যোগ করেছেন।
এই ইনিংসটি শুধুমাত্র তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, ইংল্যান্ডের জন্যও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এবং ম্যাচের দখল ধরে রাখতে সাহায্য করেছে।
হ্যারি ব্রুকের এই ট্রিপল সেঞ্চুরি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে আরও প্রতিষ্ঠিত করে তুলবে এবং তার সামনের ক্যারিয়ারেও এটি এক মাইলফলক হয়ে থাকবে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে তার এই অসাধারণ ইনিংস নিয়ে আলোচনা চলবে অনেকদিন।