মৌলভীবাজারের রাজনগরে এক ইউনিয়ন চেয়ারম্যানের গোডাউনে অভিযান চালিয়ে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউন থেকে উদ্ধার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মুবাশ্বির জানান, আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আতাউরের গোডাউনে অভিযান পরিচালনা করে তার গোডাউন থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
তিনি আরও জানান, সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এ ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।