সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদ থেকে অবসরে গেলেন মো. গোলাম রব্বানী। গত ৮ সেপ্টেম্বর গোলাম রব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেওয়ার পর ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
গত বুধবার (৯ অক্টোবর) বিচার বিভাগীয় এ কর্মকর্তার অবসর মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিভাগ। সরকারি চাকরি আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এতে বলা হয়, ‘আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীকে ৫৯ বৎসর পূর্তিতে ৯ অক্টোবর সরকারি চাকরি হতে অবসর মঞ্জুর করা হলো। তার ছুটি প্রাপ্যতা থাকায় ১০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।’
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ গোলাম রব্বানী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার থাকা অবস্থায় ২০২২ সালের ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে গত ১ জুলাই তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়। এরপর গত ১৩ আগস্ট তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) পদে বদলি করে ঢাকায় আনা হয়। ১৯৯৪ সালে মুন্সেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন গোলাম রব্বানী। ২০১৬ সালের জানুয়ারিতে তিনি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন।