টাকা চুরির অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন মাহফুজা আক্তার নিপা (২৬) ও মো. মইনুদ্দিন (৬৫)। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালটির নতুন ভবনের দ্বিতীয় তলার ‘ব্লাড ব্যাংকের’ সামনে থেকে তাদের আটক করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি আমরা জানতে পেরে গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে থেকে অভিযুক্ত ওই নারীসহ এক ব্যক্তিকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসি। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। আমরা যতটুকু জেনেছি এরা সক্রিয় চোর ও দালাল চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন ও সন্দেহজনক কথাবার্তা বলেছে তারা। তারা একবার স্বীকার করে ৪৫ হাজার টাকা নিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে মাত্র ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছি। বাকি টাকা হয়তো তারা অন্যত্র সরিয়ে নিয়েছে।
আটক মইনুদ্দিন নোয়াখালীর কবিরহাট থানার সাগরপুর গ্রামের মৃত মুন্সী ইলিয়াসের ছেলে। নিপা নরসিংদীর রায়পুরার অলিপুরা নবিয়াবাদের আব্দুল মতিন ভূঁইয়ার মেয়ে। ঢাকার ডেমরায় বাসা ভাড়া দিয়ে থাকেন তারা।