বিএনপির অফিস ভাঙচুর মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা গ্রামের আবদুর রব ভূঁইয়ার ছেলে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অফিস ভাঙচুরের ঘটনায় লোকমান হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর মিঠামইন থানায় একটি মামলা করেন। এ মামলার পর এতদিন পলাতক ছিলেন রুবেল। পরে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।