রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর এ্যালিফেন্ট রোডে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফুয়াদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম বিল্লাল মৃধা।

নিহতের দুরসম্পর্কের আত্মীয় মাসুম মিয়া জানান, আড়াই বছর বয়সি এক ছেলে ও স্ত্রী নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকেন ফুয়াদ। মোহাম্মদপুরে আল নূর চক্ষু হাসপাতালের গাড়িচালক তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিউটি শেষ করে নিজের মোটরসাইকেল নিয়ে অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে নিউমার্কেট থানাধীন এ্যালিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে রাস্তায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ছিটকে পড়লে ওই ট্রাকের নিচেই পৃষ্ট হন ফুয়াদ। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন সেখানে রাত তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।