হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নেত্রকোণায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানভীর হোসেন (১৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার খালিয়াজুরী হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহত তানবীর উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

আহত দুইজন হলেন- পিয়াস উদ্দিন ভূঁইয়া (১৯) জাহিদুল ইসলাম ভূঁইয়া (২৬)। তারা সহোদর দুই ভাই ও উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামের কুতুব উদ্দীন ভুঁইয়ার ছেলে। 

জানা গেছে,  খালিয়াজুরী হাওরে মাছ ধরতে যায় তিনজন। রাত দেড় টার দিকে বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়। এতে তানবীরসহ সাথে থাকা দুজন গুরুতর আহত হয়। পাশের নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে স্বজনরা তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে জাহিদুল ইসলাম ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিয়াস উদ্দিন ভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।