গত সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলাচল করছে মেট্রোরেল। শুরু থেকেই ছুটির দিনে মেট্রোরেলে চড়ার আগ্রহ ছিল যাত্রীদের। আজ শুক্রবারও পূজার ছুটির মধ্যে মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিন বিকালে মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কয়েকটি স্টেশন ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, মতিঝিলে যাত্রী চাপ কম থাকলেও মিরপুরের দিকে স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। অনেকের সঙ্গে ছিল ছোট শিশু। তারা মূলত ঘোরার জন্য মেট্রোতে চড়েছেন। সেই সাথে অনেকে পূজায় ঘুরে বেড়ানোর জন্য মেট্রোরেলে যাতায়াত করছেন।
উত্তরা উত্তর স্টেশনে থাকা মো. নাইম নামের এক যাত্রী দেশ রূপান্তরকে বলেন, শুক্রবারও মেট্রো চালু হওয়ায় খুব ভালো হয়েছে। এখন ছুটির দিনে মেট্রোরেল চালু হওয়ায় কাজ শেষ করে সহজেই বাসায় ফিরতে পারছি। তবে শুক্রবারও এত ভিড় হবে, আশা করিনি। আর আমাদের মাঝে শৃঙ্খলা না মানার একটা প্রবণতা আছে। ফলে কিছুটা ভোগান্তি পোহাতে হয়।
শেওড়াপাড়া স্টেশনে যাত্রী মো. রাকিব হাসান বলেন, শুক্রবার মেট্রো চালু হওয়ায় ভীষণ স্বস্তি লাগছে। তবে মেট্রোরেলে সময়টা আরো বাড়ানো দরকার। রাতে শেষ ট্রেনের সময়টা আরেকটু পিছিয়ে রাত ১২টা করা হলে যাত্রীদের জন্য খুব ভালো হবে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মেট্রোরেলের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে শুক্রবার মেট্রোরেল চালু করার জন্য জনমনে একটা আকাঙ্ক্ষা ছিল। এজন্য গত মাস থেকে শুক্রবারও মেট্রোরেল চলছে। তবে আজ ছুটির দিন ও পূজার জন্য অনেকেই মেট্রোরেলে যাতায়াত করছে, ফলে ভিড় একটু বেশি দেখা যাচ্ছে।