মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিতে নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছুরিকাঘাতে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তার নাম রবিউল ইসলাম (৩৫)। স্বজনদের দাবি, মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ছিনতাইকারীরা রবিউলকে হত্যা করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার ওপর হামলা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিরাপত্তাকর্মী রবিউলের বাড়ি নীলফামারীর জলঢাকা থানার বালা গ্রামে। থাকতেন মোহাম্মদপুরে একটি বাসায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের বোন নূরবানু বলেন, ‘আমার ভাই মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে নিরাপত্তাকর্মীর কাজ করত। গত বুধবার রাতে মোবাইল ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে তাড়া করে। পরদিন রাতে ওই ছিনতাইকারী আমার ভাইয়ের বুকে, পিঠে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’

এ বিষয়ে গতকাল মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।