চট্টগ্রামের বাঁশখালীতে বিষ মিশ্রিত পানি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ মাদ্রাসা শিক্ষার্থী। শুক্রবার উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়া খদুল্যাপাড়া অদুদিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসার পরিচালক সাআদ আরাফাত জানান, শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার ছাত্ররা ভুলবশত বিষের বোতল মাদ্রাসার পানির ড্রামে ঢেলে দেয়। সেই পানি পান করে ছাত্ররা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: মুমিনুল হক মো: মুনতাকিম (৮), মো: হোছন (১২), তাহরীব হোসেন (১০), শাহেদুল ইসলাম (১১), মেহেরাজ (১২), সাইদুল ইসলাম (১২), আবদুল্লাহ আল মামুন (১৩) এবং আয়াত হোসেন (৯) নামে ৮ ছাত্রকে হাসপাতালে ভর্তি করেন।
এ তথ্য জানাজানি হলে হাসপাতালে ভিড় জমান শিক্ষার্থীদের অভিভাবকরা। শুক্রবার রাত ১০টা পর্যন্ত বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) শুধাংশু শেখর হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে বিষমিশ্রিত পানি খাওয়া ছাত্রদের তথ্যসহ বিস্তারিত সংগ্রহ করেন। এ সময় অভিভাবকদের সঙ্গে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, ইউপি সদস্য আবদুল আলীমসহ ছাত্রদের আত্নীয় স্বজন উপস্থিত ছিলেন।