শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী (চতুর্থ দিন)। এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে।

মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মধ্যে বইবে বিষাদের সুর। নবমী দিন সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে মণ্ডপে।

আগামীকাল রবিবার বিজয়া দশমীতে সকালে হবে দর্পণ বিসর্জন। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এবার সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে ২৫২টি মন্ডপে। গত বছরের চেয়ে এবার ঢাকায় চারটি পূজামন্ডপ বেড়েছে। ২০২৩ সালে সারা দেশে পূজা হয়েছিল ৩২ হাজার ৪০৬টি মন্ডপে। 

এদিকে গতকাল মহাষ্টমীতে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রের বিধান অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। শ্রী রামকৃষ্ণের কথামৃত অনুযায়ী, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায়; মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।