ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকার নিকারাগুয়া। পাশাপাশি ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে দেশটি।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (১১ অক্টোবর) গাজা যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষ্যে নিকারাগুয়ার কংগ্রেসে এ–সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়।
পরবর্তীতে নিকারাগুয়ান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন।
কূটনৈতিক সম্পর্ক ছিন্নের বিষয়ে নিকারাগুয়া সরকার জানায়, ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলের হামলা ও গণহত্যার জন্য তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। এছাড়া নির্বিচার হামলা এখন শুধু ফিলিস্তিনের গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে। ইয়েমেন, সিরিয়া ও ইরানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো, যিনি প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি জানান, তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন ‘ইসরাইলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে’।
ঘোষণাটি মূলত একটি প্রতীকী, যেহেতু ইসরাইলে নিকারাগুয়ান রাজধানী মানাগুয়াতে কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই এবং দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় অস্তিত্বহীন।
এরপরও, ঘোষণাটি এমন এক সময়ে আসলো যখন গাজায় এবং লেবাননসহ মধ্যপ্রাচ্য জুড়ে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।