টাঙ্গাইলের কালিহাতীর মহাসড়কে অটোরিকশাতে বাসের ধাক্কায় অটোচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৬জন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অরিণ ট্রাভেলস পরিবহনের একটি বাস সজোরে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিক্সার চালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মন্ডলের ছেলে সওকত মন্ডল ও অটোরিক্সার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। নয়ন পূজা উপলক্ষে তার শ্বশুরবাড়ি সল্লা বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ও আহতরা শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজা মণ্ডপ থেকে অটোরিক্সাযোগে সল্লা ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস পরিবহনের একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়৷ এতে অটোরিক্সায় থাকা শিশুসহ ৮জন গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে নয়নের মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে অটোরিক্সার চালক শওকত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে বাসের চালক ও সুপারভাইজার ও হেলপার পালিয়েছে।