টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়ির পাশ থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
আটক তিন ব্যক্তিরা হলেন- নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে গাড়ির মালিক শামীম আহমেদ, দিনাজপুরের শ্রীরীর বন্দর উপজেলার বেলতলী গ্রামের কালুমু উদ্দীনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভ‚ঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম একটু পরে নিয়ে যাওয়ার কথা বলে যুবদল নেতা রঞ্জু মন্ডলের বাড়ির পাশে সাড়ে ৭ বস্তা বিদেশি মদের বোতল রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভ‚ঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান- গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে সাত বস্তা বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।