কলকাতার পূজামণ্ডপে পরীর সিনেমার প্রচারণা  

‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সোহম, সঙ্গে রয়েছেন মধুমিতা সরকারও। কিছুদিন আগেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং ও ডাবিং। এবার শুরু হলো মুক্তির প্রচারণা। 

প্রচারণার শুরুটা হলো দুর্গা উৎসব দিয়ে। সেই দুর্গা উৎসবে স্থান পেয়েছে পরীমণির সিনেমার পোস্টার। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে নানা অলি-গলিতে পৌঁছে গেছে ফেলুবক্সীর খবর।

কলকাতার একটি মন্দিরের গেট সাজানো হয়েছে নায়িকার ওপার বাংলার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার দিয়ে। সেই মণ্ডপের ছবি ফেসবুকে শেয়ার করে পরী লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’

পরীমণি গণমাধ্যমে বলেন, ‘খুব আনন্দ হচ্ছে। খুব ইচ্ছা ছিল এই প্রমোশনে সেখানে সবার সঙ্গে থাকার। কিন্তু ভিসা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি যাব আশা করছি।’

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সব কাজ তো শেষ। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আশা করছি।’

দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। থ্রিলার ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে।

এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত ওয়েব ফিকশন রঙিলা কিতাব। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।