মাঠের ফুটবলের মতো মাঠের বাইরেও ভিনিসিয়ুস জুনিয়র আলো ছড়াচ্ছেন। বনে গেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ফুটবলারদের দরদাম নিয়ে কাজ করা ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট শুক্রবার প্রকাশ করেছে লা লিগা ফুটবলারদের বাজারমূল্য। যেখানে ভিনিসিয়ুসের বাজারমূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। যা ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডের দামের সমান।
ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেছেন লিওনেল মেসি ও নেইমারের (দুজনেই ১৮০ মিলিয়ন) রেকর্ড। এই দুজনকে ছুঁয়ে ফেলেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। এবার তাদের ছাড়িয়ে গেছেন ভিনি ও হালান্ড। যদিও ওয়েবসাইটটির তথ্যমতে হালান্ড প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান ২০০ মিলিয়ন ইউরোর ক্লাবে। ভিনিসিয়ুসের দাম বেড়েছে ২০ মিলিয়ন ইউরো। তালিকায় সবচেয়ে নজর কেড়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ১৭ বছরের এই তারকার দাম উঠেছে আকাশচুম্বী। ১৫০ মিলিয়ন ইউরো। যা তার বয়সের হিসাবে সর্বোচ্চ। এত কম বয়সে অন্য কোনো ফুটবলারের দাম এত চড়া হয়নি আগে।