জামনগরের পরবর্তী রাজা হিসাবে মনোনীত হলেন সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। তাকে উত্তরাধিকারী হিসাবে বেছে নিয়েছেন বর্তমান রাজা শত্রুশল্যসিংহজি দিগ্বিজয়সিংহজি জাদেজা। তিনি সম্পর্কে সাবেক ক্রিকেটারের চাচা হন। দশেরার দিনে অজয়কে যুবরাজ হিসেবে ঘোষণা করা হলো।
গুজরাটের জামনগর নয়ানগর নামেও পরিচিত। নগরের রাজাকে বলা হয় ‘জাম’। তা থেকেই জামনগর (জামের নগর) নাম এসেছে। দিগ্বিজয়সিংহজি নেপাল রাজপরিবারের এক সদস্যকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। তারপর আর বিয়েথা করেননি। নিঃসন্তান দিগ্বিজয়সিংহজি যোগ্যতম উত্তরাধিকারী হিসেবে অজয় জাদেজাকে তাই বেছে নিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘দশেরার উৎসব পাণ্ডবদের নির্বাসন থেকে বিজয়ী হওয়ার দিনকে চিহ্নিত করে। আজকের দশেরার দিনে আমিও খুব খুশি। আমার একটি সমস্যা সমাধান করার জন্য অজয় জাদেজাকে ধন্যবাদ। ও আমার উত্তরাধিকারী হতে রাজি হয়েছে। জামনগরের জনগণের সেবা করার দায়িত্ব নিতে অজয়ের রাজি হওয়া এখানকার মানুষের জন্য আশীর্বাদ। আমি ওর কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ।’
জাদেজাদের পরিবারের সঙ্গে রাজনীতি এবং ক্রিকেটের সম্পর্ক সুপ্রাচীন। ভারতের ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফির নামকরণ হয়েছে তাদের বংশেরই কে রঞ্জিতসিংহজি এবং কেএস দলীপসিংহজির নামে। জাদেজার বাবা দৌলতসিংহজি জাদেজা জামনগর থেকে তিন বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
অজয় জাদেজা নামটা উচ্চারণ করলেই ক্রিকেটপ্রেমীদের নস্ট্যালজিক করে তোলে। ভেসে ওঠে ১৯৯৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের স্মৃতি। চিন্নাস্বামীতে শেষ কয়েক ওভারে ঝড় তুলছেন জাদেজা। ৫৩ বছরের প্রাক্তন ক্রিকেটার দেশের হয়ে ১৫টি টেস্ট এবং ১৯৬টি এক দিনের ম্যাচ খেলেছেন। ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। এক দিনের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। ব্যাট-প্যাড তুলে রাখার পরে জাদেজা এখন ধারাভাষ্যের সঙ্গে জড়িত। ২০২৩ সালের বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি।