রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক সরদার (২৬) নামের যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

ফারুক সরদার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার শহিদ সরদারের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, শনিবার রাতে পুঁড়াভিটা সামনে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শরীফ আল রাজীব জানান, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।