ক্লাব দখল নিয়ে বিএনপি -আ লীগ কর্মীদের সংঘর্ষ, আহত ২৫

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। এতে বিএনপির ২৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শতাধিক সদস্য বিশিষ্ট "উদয় সংঘ" নামে একটি সামাজিক সংগঠন রয়েছে। ক্লাবটি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলাম, সানোয়ার হোসেন, আহম্মদ আলী ও রওশন আলী মাস্টার বিএনপির সমর্থক সালাম ফকিরের কাছ থেকে জোরপূর্বক ক্লাবের চাবি নিয়ে নেন।

শনিবার সন্ধ্যায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী সংগঠিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির সালাম ফকিরসহ তার লোকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ২৫ জন বিএনপি কর্মী সমর্থক মারাত্মক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তিনজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন।