ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ আশরাফুল ইসলাম হত্যা মামলায় এজাহার নামীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আশরাফুল হত্যার ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়।

গত শনিবার রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য  আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি বর্ষণ করে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে মোঃ আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানায় রুজুকৃত মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল হত্যায় জড়িত এজাহারনামীয় আসামি তারেক আফজাল সবুজকে গতকাল গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।