উড়োজাহাজে পেজার–ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

সব ধরনের উড়োজাহাজে যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানায় টাইমস অব ইসরায়েল।

সপ্তাহ তিনেক আগে ইরান-সমর্থিত লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমিনিসহ প্রায় তিন হাজার ব্যক্তি।

নাশকতামূলক এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এই বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিল ইরান।

ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোন ছাড়া যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নিয়ে উড়োজাহাজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।