বাকলিয়ায় মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, আটক ৬

নগরের বাকলিয়া এলাকায় তরুণদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ৬ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। রবিবার (১৩ অক্টোবর) সকালে আটকদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে ১৮ ও ১৯ ওয়ার্ডের তরুণরা মুখোমুখি হলে তাদের আটক করে থানা পুলিশকে হস্তান্তর করে সেনাবাহিনী।

বাকলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ইফতিয়ার উদ্দিন জানান,  দুই ওয়ার্ডের বস্তির তরুণদের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয়জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, কু‌মিল্লার মুরাদনগর এলাকার জুল মিয়ার  ছেলে মো. সোহেল (২৪), একই জেলার  হোমনা থানাধীন রঘুনাথপুর এলাকার মৃত ফিরোজ সরকারের ছেলে মো. আরিফ (২১), ডবলমুরিং থানা এলাকার ন‌জির আহমদের ছেলে  মোহাম্মদ সাজ্জাদ  হোসেন (২৬), চট্টগ্রাম জেলার  আনোয়া‌রা উপজেলা মলগড় এলাকার মৃত  মোক্তার হোসেনের  ছেলে মোহাম্মদ তৌহিদুল ইসলাম (২০), নগরের চাক্তাই কলা বাগিছা এলাকার মৃত মিয়ার  ছেলে মোহাম্মদ ইমন (২২), ভোলা জেলার লালমোহন থানাধীন রাইচা এলাকার  মো. হা‌নিফের ছেলে মো. শহিদুল ইসলাম (২৮)।