শৈশবের ক্লাব বার্সেলোনাকে চোখের জলে বিদায় জানিয়ে অনেকটা বাধ্য হয়েই পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কারণ, তাকে এত টাকায় আর কোনো ক্লাব কিনতে পারত না। কিন্তু ফরাসি ক্লাবটিতে মেসির সময়টা ভালো কাটেনি। অবস্থা এতটাই খারাপ যে, পিএসজির নাম শুনলেই নাকি চটে যান মেসি।
পিএসজিতে মেসির বাজে সময়গুলো অনেকেরই জানা। একটা সময় দর্শকরাও দুয়ো দিয়েছে! এসব নিয়েই সম্প্রতি মেসির সাক্ষাৎকার নিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) সাবেক তারকা ব্রেখ্ট দেজাগেরে। তিনি মেসিকে জিজ্ঞাসা করেছিলেন যে, প্যারিসের তুলনায় মায়ামিতে তার সময় ভাল কাটছে কি না?
মেসির জবাব দেজেগেরের মুখেই শোনা যাক, 'আমার প্রশ্নে সে অবাক হয়ে গিয়েছিল। আমি তাকে বলেছিলাম যে পার্ক দ্য প্রিন্সেসে টুলুসের হয়ে তার ক্লাবের বিপক্ষে খেলেছিলাম। কিন্তু সে আমাকে মনে করতে পারেনি। তবে আমার ছোটবেলার স্বপ্ন সত্যি হয়েছিল। কারণ মেসি বরাবরই আমার পছন্দের খেলোয়াড়।'
দেজেগেরে আরও বলেছেন, “মেসির সঙ্গে আবার দেখা হওয়ায় খুব ভালো লেগেছিল। সে বলেছিল, পিএসজিতে বিষিয়ে উঠেছিল তার জীবন। শুরুর দিকে প্যারিসবাসী তাকে ভালোভাবে অভ্যর্থনা জানালেও দ্রুতই তা কমতে থাকে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর মেসিকে প্রচুর কটুক্তির সম্মুখীন হতে হয়েছির। তার পায়ে বল গেলেই দুয়ো দিতেন দর্শকরা!'
শুধু মেসিই নন, ব্রাজিল সুপারস্টার নেইমারও পিএসজিতে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। ক্লাবটি ছাড়ার পর তিনি প্যারিসে কাটানো সময়কে নরকের সঙ্গে তুলনা করেছিলেন। দীর্ঘদিন ধরে চোটে আক্রান্ত নেইমার এখন খেলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে।