ভিনি রদ্রিগো রাফিনহাদের ছাড়া ব্রাজিল দল!

ব্রাজিল জাতীয় দলের সময়টা ভালো যাচ্ছে না। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচে চারটি জিতেছে সেলেসাওরা, সঙ্গে চার ড্রতে আছে পয়েন্ট টেবিলের চারে। ভিনিসিয়ুর, রদ্রিগোর রিয়ালে তাদের বোঝাপড়া চমৎকার কিন্তু জাতীয় দলে এলেই যেন সব ওলট-পালট।

এবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যে কথা বলেছেন সেটি মানলে ভিনিসিয়ুস-রদ্রিগোদের বাদ দিতে হবে ব্রাজিল দল থেকে। ভিনি–রদ্রিগো-রাফিনহা–এনদ্রিকদের মতো যারা দেশের বাইরের লিগে খেলেন, তাদের বাদ দিয়ে দেশের লিগে খেলা খেলোয়াড়দের দিয়ে দল সাজানোর পরামর্শ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।

বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। সেই ম্যাচের পর এক রেডিও সাক্ষাৎকারে লুলা দা সিলভা বলেন, 'যারা বিদেশে আছে, তারা এখানে খেলা খেলোয়াড়দের চেয়ে ভালো নয়।'

লুলা জানান, সম্প্রতি তিনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং ব্রাজিলে খেলছেন, শুধু এমন খেলোয়াড়দের দলে ডাকার পরামর্শ দিয়েছেন।

ব্রাজিল প্রেসিডেন্টের মতে দেশের বাইরের লিগে একদল তরুণ খেলছে যারা এখনো তারকা নন। তিনি আরও যোগ করেন, 'ব্রাজিলে একই মানের (বিদেশে খেলা খেলোয়াড়দের মতো) ভালো খেলোয়াড় আছে। ফলে তাদেরই সুযোগ দিন, যারা এখানে আছে।'

সাও পাওলোর ক্লাব করিন্থিয়ান্সের সমর্থক হিসেবে পরিচিত লুলা দা সিলভা প্রায়ই খেলাধুলা নিয়ে কথা বলেন।