ভোলার চরফ্যাশনে কনের বাড়িতে গেট ধরার টাকা কম দেওয়ায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বর মনির হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, ১৫ দিন আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। রবিবার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনেবাড়ি যান বর মনির হোসেনসহ তার পরিবারের সদস্যরা।
পরবর্তীতে বিয়েবাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটি হয় এবং সংঘর্ষ লেগে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, গেটে কনেপক্ষ ৫ হাজার টাকা দাবি করে। তিনি তিন হাজার টাকা দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে তার হাত ভেঙে দেয়। তাদের পরিবারের ২০ জন আহত হয়েছে।
তবে কনের বাবা নুরে আলমের দাবি, বিয়েবাড়িতে গেটে বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠে বরপক্ষের লোকজন। মুহূর্তেই দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তার পরিবারের ১০ সদস্য আহত হন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হোসেন রাসেল জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।