ক্রিকেটার কেনার ‘হাট’ বসছে আজ

জাঁকজমকপূর্ণ প্রথম দুই আসর কাটিয়েছিল। তারপর থেকেই চলছে জোড়াতালি দিয়ে। এভাবে ১০ মৌসুম কাটিয়ে আরও একটি মৌসুমে পা রাখছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে আসরটির। দেশের ক্রিকেটের নতুন নেতৃত্বের অধীনে প্রথম আসর ঘিরে আছে তাদের নানা পরিকল্পনা। তবে সেসব আলোর মুখ দেখতে এখনো বাকি মাস তিনেক। তার আগে আজ অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর কারওয়ান বাজারের একটি অভিজাত হোটেলে এই ড্রাফট অনুষ্ঠিত হবে।

গত আসরে খেলা ৪ ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে আরও তিনটি দল। দুর্বার রাজশাহী এবার নতুন এলেও ঢাকা ও চট্টগ্রাম পুরনো। তবে গত আসরের মালিক বদলে নতুন মালিকানায় এসেছে তারা। চট্টগ্রাম কিংসের মালিকানা ফিরেছেনে সামির কাদের চৌধুরী। আর ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছে রিমার্ক হারলিন নামে একটি বিউটি অ্যান্ড কসমেটিক্স প্রতিষ্ঠান, যার মালিকানায় ঢালিউড সুপারস্টার শাকিব খান। চিত্রনায়ক মামনুন হাসান ইমনও আছেন সঙ্গে। ক্রিকেটার ‘কেনার হাটে’ আজ দেখা যেতে পারে তাদেরও।

ড্রাফটে দেশি ক্রিকেটারদের ৬ ও বিদেশিদের ৫ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবারের আসরে স্থানীয় একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। যা গতবারের তুলনায় কম। গত আসরে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পেতেন ‘এ’ ক্যাটাগরির একজন দেশি ক্রিকেটার। আর বিদেশিরা এবার পাবেন সর্বোচ্চ ৭০ হাজার ডলার ও সর্বনিম্ন ১৫ হাজার ডলার। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে। যা আগের বিপিএল আসরগুলোর তুলনায় খানিকটা কম।

৬০ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার।  ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ২২ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৮ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জনের। বিপিএলের গত মৌসুমে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাকে নেওয়া হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।

এবারের বিপিএলে অংশ নিতে যাওয়া বিদেশি খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিসহ ৪৪০ বিদেশি ক্রিকেটারদের  ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে ৩৮, ‘সি’ ক্যাটাগরি ৬৬ ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ১৩৫ ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন ক্রিকেটার রয়েছেন। যাদের ভিত্তিমূল্য ৭০ হাজার থেকে ১৫ হাজার ডলার ধরা হয়েছে।

ক্যাটাগরির ভিত্তিতে ড্রাফটের নিবন্ধনকৃত দেশি ক্রিকেটারের তালিকা : ‘এ’ ক্যাটাগরি- সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

‘বি’ ক্যাটাগরি- আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মাশরাফী বিন মোর্ত্তজা, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব

‘সি’ ক্যাটাগরি- আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, রাকিবুল হাসান জুনিয়র, রনি তালুকদার, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি।

‘ডি’ ক্যাটাগরি- আবু জায়েদ রাহি, আকবর আলী, আলিস আল ইসলাম, আরাফাত সানি, আরিফুল হক, ফজলে মাহমুদ রাব্বি, হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, জিসান আলম, সৈকত আলী, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, নিহাদ উজ জামান, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, রবিউল হক, রুবেল হোসেন, সাদমান ইসলাম, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, সুমন খান, সানজামুল ইসলাম এবং জিয়াউর রহমান।