রোনালদোর চেয়ে মেসিদের লিগ এগিয়ে

ক্রিশ্চিয়ানো রোনালদো দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) চেয়ে সৌদি আরবের প্রো লিগ ভালো। নেইমার, করিম বেনজেমা, সাদিও মানে, ফিরমিনোরা সৌদি লিগে যোগ দেওয়ায় এর মান অনেকটা ওপরে উঠেছিল বলে বিশ্বাস অনেকের।

আবার অনেকের মতে এখনও সৌদি লিগ এমএলএস এর চেয়ে পিছিয়ে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর এমএলএসের ব্র্যান্ডিং ও বাণিজ্যিক দিক আরও শক্তিশালী হয়েছে।

মাঠের খেলায় দুই লিগের বিভিন্ন বিষয় নিয়ে গভীর পর্যালোচনা ও বিশ্লেষণ করে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘অপ্টা’ গত বছর যে তথ্য দিয়েছিল, সেখানে এগিয়ে ছিল মেসির এমএলএসই। অপ্টার পাওয়ার রেটিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগের তালিকায় এমএলএস ছিল ২৯ নম্বরে আর সৌদি প্রো লিগ ৩৬ নম্বরে।

এ বছরের গবেষণায় দুই লিগের ব্যবধান আরও বেড়েছে। ৭৮.২ পাওয়ার রেটিং নিয়ে মেসির এমএলএস এখন ৯ নম্বরে আর ৭৩.৬ পাওয়ার রেটিং নিয়ে রোনালদোর প্রো লিগ ৩৩ নম্বরে।

এক বছরের ব্যবধানে এমএলএস শক্তিতে এগিয়েছে ২০ ধাপ, প্রো লিগ মাত্র ৩ ধাপ। বর্তমানে দুই লিগের মধ্যে শক্তির ব্যবধান ২৪ ধাপ। তবে ক্লাব র‍্যাঙ্কিংয়ে মেসির চেয়ে রোনালদোই এগিয়ে। আল নাসর ৯২তম আর মেসির মায়ামি ৯৮ নম্বরে।

অপ্টা বিশ্বের ১৮৩টি দেশের ৪১৩টি ঘরোয়া লিগের ১৩ হাজারের বেশি ক্লাব নিয়ে গবেষণা করে পাওয়ার রেটিং করে থাকে।