টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট উল্টে এক শিশুসহ দুইজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টেকনাফে নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী।
নিখোঁজ রয়েছেন স্পিডবোটের চালক বেলাল ও শিশু সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮)।
ইউএনও জানান, সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে স্পিডবোট থাকা সকলেই পানিতে ভাসতে থাকে।
এক পর্যায়ে স্থানীয় জেলেদের নৌকা ও একটি ইউএনও ভাসমান অবস্থায় ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও স্পিডবোটের চালক বেলাল ও শিশু সাগরে তলিয়ে যায়।
নিখোঁজ থাকা শিশুর বাবা মো. সাদ্দাম হোসেন বলেন, শাহপরীরদ্বীপ আসার পথে নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে তাদের বহনকারি স্পিডবোটটি উল্টে যায়। এতে তারা সকলেই সাগরে ভাসতে থাকি।
নিখোঁজদের সন্ধানে স্থানীয় জেলে ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান ইউএনও।