আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত ৩টি সংসদ নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে, তা চিহ্নিত করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আইনে নির্বাচনী অপরাধের যেসব ধারা আছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
আজ সোমবার দুপুরে ইসি সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশসহ নির্বাচনের যত আইন ও বিধিবিধান রয়েছে, সবগুলোই পর্যালোচনা করা হচ্ছে। বিগত নির্বাচনগুলোতে যে আইনের ব্যত্যয় ও অনিয়ম হয়েছে সেগুলোও পর্যালোচনা করবে সংস্কার কমিশন। পর্যালোচনা শেষে দেওয়া হবে সুপারিশ। স্থানীয় জনপ্রতিনিধি নিয়োগের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। কর্মপরিকল্পনার অংশ হিসেবে আইনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিগত তিন নির্বাচনের ক্ষেত্রে কিসে অগ্রাধিকার দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, অবশ্যই যেসব অনিয়ম ও ব্যত্যয় ঘটেছে, সেগুলো চিহ্নিত করব। ভালো কিছু হয়ে থাকলে সেগুলোও নজরে আসবে। নির্বাচনী প্রক্রিয়া একদিনের বিষয় নয়, এটি একটি সাইকেল। আমরা সেই সাইকেল পর্যালোচনা করব।
অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের সুপারিশ থাকবে, তবে সে বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি। আমরা কর্মকর্তা ও কমিশনের বিষয়ও পর্যালোচনা করব।
ড. বদিউল আলম জানান, তারা একটি ওয়েবসাইট তৈরি করছেন যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সাবডোমেইন হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এটি চালু হবে। তিনি বলেন, এতে কী থাকা উচিত তা নিয়ে আলোচনা করেছি এবং সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব, সুপারিশ সংগ্রহ করতে চাইব বলেও জানান তিনি।