আমরা দেশ শাসন করতে চেয়ারে বসিনি: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা দেশ শাসন করতে চেয়ারে বসিনি। আগামী দিনে যারা শাসন করবেন, তাদের পথ পরিষ্কার করতে এসেছি।’

তিনি বলেন, 'আমরা অত্যন্ত নাজুক মুহুর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের রিজার্ভ নাই। রাজনৈতিক অস্থিতিশীলতা। আইনশৃঙ্খলার অবনতি। এমন এক মুহুর্তে আমরা দায়িত্ব নিয়েছি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।’

সোমবার (১৪ অক্টোবর) বিকালে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় এক বিশেষ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বেশিদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের সরকারের নেই। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে এ দেশের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। জনগণকে মনে রাখতে হবে, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।’

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মূফতী মাওলানা শওকত। উপস্থিত ছিলেন ইউএনও মোজাম্মেল হক চৌধুরী, ওসি নুর মোহাম্মদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী, মাওলানা শাহ্ কুতুব উদ্দিন নানুপুরী প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত