মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকায় চারটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিন বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।
কুমারাসন জানান, গত পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সি সালাম ওরফে আকাশ নামের এক বাংলাদেশি।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন শুক্রবার সন্ধ্যা ৭টায় এবং শনিবার দিবাগত রাত তিনটায় মারা যান। এদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের।
গত ১০ অক্টোবর এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জে। বর্তমানে তিন জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান জানিয়েছেন, দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে। মরদেহ তিনটি শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন।