মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে সম্প্রতি এ অভিযান শুরু হয়েছে।
ইমিগ্রেশন জানায়, জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ অবৈধ প্রবাসীকে আটক করা হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) সহযোগিতায় জেআইএম জোহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে।
তিনি জানান, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করে দেওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য কারখানার মানবসম্পদ বিভাগের দুজন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে।
যাচাইয়ে দেখা যায়, আটকদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ বাংলাদেশি, ২২ ভারতীয়, ৩ ইন্দোনেশীয়, ২ নেপালি এবং ১ জন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।
এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে ৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক সবাই বাংলাদেশি নাগরিক।
