আগামী ১৭ অক্টোবর থেকে নেপালে মাঠে গড়াচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। নিজেদের শিরোপা ধরে রাখার অভিযাত্রায় গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নারী জাতীয় কোচ পিটার বাটলারের ২৩ জনের দলে জায়গা হয়েছে ইনজুরি থেকে ফেরা ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকারের।
সাফের এবারের আসর শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। এই দুই দলের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ এ থেকে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। ভারতের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। সাফের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর।
সাফের দলে এবার কৃষ্ণারানী থাকবেন কি থাকবেন না, সে নিয়ে ছিল আলোচনা। দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করে ট্রেনিংয়ে ফিরেছেন বেশ কয়েকদিন আগে। মে মাসে নিজের চোটের চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দেন আগের সাফের আসরে ৪ গোল করা কৃষ্ণা। পরে বাফুফে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত পাঠায়। অবশেষে তিনি ফিরে পেয়েছেন দলে নিজের জায়গা। কৃষ্ণা ফিরলেও ২০২২ আসরের শিরোপাজয়ীদের অনেকেই নেই এবারের দলে। ডিফেন্সের ভরসা আঁখি খাতুন অবসর নিয়ে চলে গেছেন চীনে। গত সাফে চার গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাও নিয়েছেন আচমকা অবসর। দলে আরও জায়গা হয়নি মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাসের। দলে আছেন নতুন ৯ মুখ। চলতি বছর সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জেতা দলের গোলকিপার ইয়ারজান বেগম সুযোগ পেয়েছেন সিনিয়র দলে। আরও আছেন কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা। শিরোপা ধরে রাখার মিশনে আজ নেপালের উদ্দেশে উড়াল দেবেন সাবিনা খাতুনরা।
সাফের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। যদিও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বসুন্ধরা কিংস অ্যারেনায় কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন মারিয়া মান্দা, মনিকা চাকমারা। সেটাকে যথেষ্ট মানছেন না অধিনায়ক সাবিনা খাতুন, ‘সাফের প্রস্তুতির জন্য কিছু ম্যাচ দরকার ছিল। ম্যাচ খেলতে না পারার আক্ষেপ তো থাকছেই।’ শিরোপা ধরে রাখা প্রসঙ্গে বলেন, ‘শিরোপা ধরে রাখতে পারব কি না বলতে পারব না। তবে অনেক চ্যালেঞ্জিং হবে।’
অতীত ভুলে সামনে তাকাতে চান বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার, ‘আগে কী হয়েছে সেটা নিয়ে বসে থাকতে চাই না। এখন আমরা সামনের দিকে তাকাতে চাই। আমি এই দল নিয়ে খুব আত্মবিশ্বাসী। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা টুর্নামেন্টটা উপভোগ করতে চাই।’
সাফে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল : গোলকিপার: রুপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার ডিফেন্ডার: মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলী আজিম, শামসুন্নাহার (সিনিয়র), নিলুফা ইয়াসমিন নীলা, কোহাতি কিসকু মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মুনকি আক্তার ফরোয়ার্ড: আইরিন খাতুন, সুমাইয়া মাতসুশিমা, সানজিদা আকতার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), কৃষ্ণারানী সরকার, মোসাম্মৎ সাগরিকা।