আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাবি শিক্ষার্থী গ্রেপ্তার 

সাভারের আশুলিয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো: আরাফাত রহমান আকাশ (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: মজিবুর রহমান। এর আগে, বিকাল ৫টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকার নিজ ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বড় মৌকুড়ি গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় থাকেন।

ভুক্তভোগী পারিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর মা একজন পোশাকশ্রমিক এবং বাবা রাজমিস্ত্রি। গত ৯ জুলাই মেয়েকে বাসায় একা রেখে তারা উভয়ে কাজে চলে যান। সেই সুযোগে পূর্বে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসা আরাফাত রহমান আকাশ ওই ছাত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত যুবক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর মা বাসায় ফিরে বিষয়টি শুনে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আরাফাত রহমান আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।