বিসিবির জরুরি সংবাদ সম্মেলন; কী আছে হাথুরুর ভাগ্যে?

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি অনেকদিন ধরেই সুতায় ঝুলছে। ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরই তার চাকরিটা যাওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সিরিজে দল ভালো করায় সে যাত্রায় বেঁচে যান হাথুরু। এবার ভারতের মাটিতে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে জঘন্য পারফর্মেন্স করে দল হোয়াইটওয়াশ হওয়ায় হাথুরুকে সরানোর সুযোগ তৈরি হয়েছে।

গতকাল সোমবার থেকেই দেশের ক্রিকেটে গুঞ্জন ছড়ায় যে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই হয়তো বরখাস্ত করা হবে হাথুরুকে। শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে সভাপতি ফারুক আহমেদের সম্পর্ক ভালো নয়। ফারুক যখন প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন, তার পেছনে বড় ভূমিকা ছিল হাথুরুর। তাই দায়িত্ব গ্রহণের আগেই হাথুরুকে সরানোর ঘোষণা দিয়েছিলেন ফারুক।

এবার এসেছে সেই সুযোগ। ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। পারফর্মেন্স ছিল লজ্জাজনক। হাথুরু দলের সঙ্গে বাংলাদেশেও ফিরেছেন। কিন্তু এর মাঝেই তাকে সরানোর গুঞ্জন উঠল। বিসিবি আজ মঙ্গলবার বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এদিনই হয়তো জানা যেতে পারে হাথুরুর ভাগ্যে কী আছে?