৪৩তম বিসিএসে নিয়োগ পেলেন ২০৬৪ জন

৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ক্যাডার পদে আপাতত নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। নানা কারণে স্থগিত থাকছে ৯৯ জনের ফল। এই বিসিএসে পিএসসি থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে সুপারিশ করেছিল।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে জনপ্রাশন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ২ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সে সময় ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার ও ৬৪২ জনকে নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে। সেই হিসাবে প্রায় চার বছর পর নিয়োগ প্রক্রিয়া শেষ হলো।