ওএমএসে ২০ স্থানে ১০ কৃষিপণ্য বিক্রি

রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আজ বুধবার থেকে আলু, ডিম, পেঁয়াজ ও পটোল বিক্রি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ২০টি স্থানে স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেন, ‘নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ ও পটোল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি। সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্ন আয়ের গোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।’

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটোল বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০, প্রতি কেজি পেঁয়াজ ৭০ এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কমে বিক্রি হচ্ছে।

জানা গেছে, মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল আইটেম যেমন আলু, ডিম, পেঁয়াজ. পটোল ও সবজি সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে।

আগামী দুই সপ্তাহের জন্য আইটেম বিক্রির জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং যদি পাইলট প্রকল্প সফল হয়, তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।

প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেওয়া হবে। স্থানগুলো হলো খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়েরবাজার, রাজারবাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলা।

এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।